সংরক্ষিত নারী আসনে ভোলা থেকে আলোচনায় নুরজাহান বেগম বিউটি

সংরক্ষিত নারী আসনে ভোলা থেকে আলোচনায় নুরজাহান বেগম বিউটি

প্রতিবেদন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের পর এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন। ৫০টি সংরক্ষিত নারী আসনের বণ্টনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ ও আলোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে ভোলা থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এগিয়ে রয়েছেন অ্যাডভোকেট নুরজাহান বেগম বিউটি। দলীয় সূত্রে জানা গেছে, এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বাছাইয়ে বিএনপির হাইকমান্ড দীর্ঘদিনের ত্যাগী, রাজপথে সক্রিয়, শিক্ষিত ও অসাম্প্রদায়িক ভাবমূর্তির নেত্রীদের অগ্রাধিকার দিচ্ছে। সেই বিবেচনায় ভোলার রাজনৈতিক অঙ্গনে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক নুরজাহান বেগম বিউটি।
দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি। মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার কারণে তাকে ও তার পরিবারকে নানা রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখিও হতে হয়েছে বলে জানা গেছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি।
মনোনয়ন প্রসঙ্গে নুরজাহান বেগম বিউটি বলেন, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দল যদি আমার ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন করে, তবে সততা ও নিষ্ঠার সঙ্গে ভোলার মানুষের সেবা করতে চাই।
তিনি আরও বলেন, বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে সক্রিয় আছেন।
এদিকে ভোলার তৃণমূল নেতা-কর্মীদের মাঝেও নুরজাহান বেগম বিউটিকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে তিনি শক্ত অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *