প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, কারামুক্তিতে বাধা নেই

রাজধানীর ওয়ারী থানায় করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি। সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এদিন তৌহিদ আফ্রিদির পক্ষে তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিন আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন বলে নিশ্চিত করেন অ্যাডভোকেট ইকবাল মাহমুদ শোভন।

তিনি বলেন, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে পৃথক দুটি মামলায় উচ্চ আদালত থেকে আগেই জামিন পেয়েছেন। আজ (মঙ্গলবার) ওয়ারী থানার মামলায় জামিন পেয়েছেন তিনি। এখন সব মামলায় জামিনের আদেশ হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চলতি বছরের ১১ জুন তৌহিদ আফ্রিদিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. মাহফুজুর রহমান। আবেদনের প্রেক্ষিতে ১৫ জুন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি গত বছরের ১৩ জানুয়ারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফ্রিল্যান্সিং কাজের অফার পান। ফাতেমা ঐশী পরিচয় দিয়ে ওই ব্যক্তি দ্যূতিকে গুগলে রিভিউ দিতে বলে এবং কাজের জন্য টেলিগ্রাম অ্যাপ খুলতে বলে। পরদিন কাজের জন্য দ্যূতিকে ৩০০ টাকা পাঠানো হয়। লিসা নামে এক ব্যক্তি পরদিন তাকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে। সেখানে অন্যান্য সদস্যরা টাকা পাঠানোর পর মুনাফাসহ আসল ফেরত পেলে স্ক্রিনশট দিত। তাদের দেখে আশ্বস্ত হয়ে দ্যূতি লিসার বিকাশ নম্বরে দুই হাজার টাকা পাঠান। সেদিনই তিনি আসলসহ ২ হাজার ৮০০ টাকা ফেরত পান।

গত বছরের ১৫ জানুয়ারি তাকে ৫ হাজার ৩০০ টাকা পাঠানো হয়। আরও কাজ শেখার জন্য তাকে আরেকটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলা হয়। বিশ্বস্ততা অর্জন করে তার কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত বছরের জানুয়ারি মাসে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *