আলিনগরে জমি বিরোধে আত্মীয়দের হামলায় আহত যুবক

ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রুইতা এলাকায় জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলিনগরের শিয়ালী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আব্দুল্লাহ , পিতা আলম মুন্সি জানান, দীর্ঘদিন ধরে আত্মীয়দের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে একই এলাকার আত্মীয় কামাল, বাবুল, সাহাবুদ্দিন, মাইনুদ্দিন, সজিব, সুমন ও দীল মো. কান্চনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায় এবং তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে।

এ ঘটনায় আব্দুল্লাহ গুরুতর আহত হন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তরা ভুক্তভোগীর ঘনিষ্ঠ আত্মীয় কেউ মামা, কেউ মামাতো ভাই কেউ খালাতো ভাই । নিকটাত্মীয়দের মধ্যকার এই বিরোধ থেকে এমন সহিংসতায় জড়িয়ে পড়া এলাকায় গভীর দুঃখ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সুমনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করলেও, ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য না করে ফোনটি কেটে দেন।

এদিকে, খবর পেয়ে ভোলা সদর মডেল থানার একটি টিম হাসপাতালে গিয়ে আহত আব্দুল্লাহকে দেখে আসে।
ভোলা সদর থানা পুলিশ জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *