মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ২৮ অক্টোবর দুপুরে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাত ১টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে চরফ্যাশন থানার শুকখালি খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোটগুলো দুলারহাট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


















