৩০০ আসনে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।এরই ধারাবাহিকতায় নির্বাচনি অনিয়ম অনুসন্ধান এবং অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য দেশের ৩০০টি সংসদীয় আসনে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করা হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটিগুলোর তালিকা প্রকাশ করা হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গঠিত ৩০০টি কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই নিজ নিজ দপ্তর হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন এবং সরাসরি নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত থাকবেন।
কমিটির কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সার্বক্ষণিক উপস্থিত থেকে নির্বাচনি দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে শুরু করে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশ হওয়ার সময় পর্যন্ত তারা এই দায়িত্বে বহাল থাকবেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *