সরাইল বিশ্বরোডে তেলের তীব্র সংকট, বিপাকে হাজারো যানবাহন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় হঠাৎ করেই দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে করে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে চলাচলকারী হাজারো ব্যক্তিগত ও গণপরিবহন মারাত্মক ভোগান্তিতে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করলেও তেল না থাকায় অনেক গাড়ি পাম্প থেকে তেল নিতে না পেরে ফিরে যাচ্ছে।

বুধবার সকালে সরেজমিনে সরাইল বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল না থাকায় তেল বিক্রি বন্ধ রয়েছে। তেল নিতে আসা মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনের চালকরা পাম্পে এসে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এতে করে চালকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ফাহাদ পেট্রোল পাম্পে তেল নিতে আসা প্রাইভেট কার চালক হাবিব মিয়া বলেন, সকালে তেল নেওয়ার জন্য পাম্পে এসেছিলাম কিন্তু পাম্পের লোকজন জানালেন তেল নেই। এখন কোথায় গিয়ে তেল নেবো বুঝতে পারছি না।

আরেক মোটরসাইকেল চালক শিবলু জানান, তেলের জন্য পাম্পে এসেছি। কিন্তু এসে শুনি তেল শেষ। এখন আবার অন্য জায়গায় যেতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ফাহাদ পেট্রোল পাম্পের ম্যানেজার আলামিন বলেন, সরবরাহকৃত তেল শেষ হয়ে যাওয়ায় আপাতত তেল বিক্রি বন্ধ রয়েছে। নতুন করে তেল সরবরাহ আসলে আবার বিক্রি শুরু করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী তেল দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই তেল শেষ হয়ে গেছে। তবে নতুন করে কবে তেল সরবরাহ আসবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

এদিকে সরাইল বিশ্বরোড এলাকার ভুঁইয়া পাম্পেও একই অবস্থা দেখা গেছে। সেখানেও জ্বালানি তেলের সংকটের কারণে তেল বিক্রি বন্ধ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সরাইল বিশ্বরোড ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বিভিন্ন অঞ্চলের হাজারো যানবাহন চলাচল করে। কিন্তু হঠাৎ করে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় চালক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চালকরা বলছেন, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক না হলে এই সড়কে যান চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক গাড়ি ইতোমধ্যে তেল সংকটের কারণে নির্ধারিত গন্তব্যে যেতে পারছে না।

এদিকে স্থানীয়দের মতে, সরাইল বিশ্বরোড এলাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *