জ্বালানি সাশ্রয়ে যবিপ্রবির ১২ দফা পদক্ষেপ

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২ দফা বিশেষ পদক্ষেপ ঘোষণা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের ১১৩তম রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসেন আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরে দিনের বেলায় প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর ও সিঁড়িতে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং অনুষ্ঠান আয়োজনে বিদ্যুৎ ব্যবহার কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসি ব্যবহারের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলেও গবেষণাগারের যন্ত্রপাতির প্রয়োজনে সীমিতভাবে ব্যবহার করা যাবে। সে ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা, দূরপাল্লার পরিবহন সীমিত করা এবং বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দেওয়া হবে।

এ উদ্যোগ বাস্তবায়নে দুটি তদারকি দল গঠন করা হয়েছে, যারা নিয়মিত মনিটরিং করবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সচেতন করতে ক্যাম্পাসে ব্যানার ও লিফলেট বিতরণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম বজায় রেখেই এসব সাশ্রয়ী পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *