জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের ৬ দফা দাবিতে বরিশালে মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং রেলপথ চালু, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজের জন্য এখনো জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়নি। ফলে এ অঞ্চলের মানুষ উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে যোগাযোগ, শিল্পায়ন, স্বাস্থ্যসেবা ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এসব খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

মানববন্ধন থেকে আগামী জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ না এলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *