ইয়ামালের হুঙ্কারে বিচলিত নয় ফ্রান্স, ‘মাঠেই হবে সব জবাব’

বিশ্বকাপ সেমিফাইনালের আগে কথার লড়াইয়ে নেমেছে স্পেন ও ফ্রান্স। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্যের জবাব দিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তাঁর স্পষ্ট বার্তা, মাঠের বাইরের কথায় মনোযোগ নয়, জবাব দেওয়া হবে মাঠের খেলাতেই।

কোয়ার্টার ফাইনাল জয়ের পর ইয়ামাল বলেছিলেন, ‘ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা আমাদেরই পাওয়া উচিত।’ সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্পেনের জয়ের কথা, যেখানে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল লা রোজা।

তবে ইয়ামালের এই মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন কোনাতে। রোববার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সত্যি বলতে বাইরে কে কী বলছে, সেসব আমরা শুনছি না। আমাদের কাউকে ভয় পাওয়ার কারণ নেই। এই পর্যায়ে এসে সবচেয়ে জরুরি বিষয় হলো বিনয়ী থাকা এবং কোনো ধরনের কথার ফাঁদে পা না দেওয়া।’

ফরাসি এই ডিফেন্ডার আরও বলেন, ‘ইয়ামাল যা ইচ্ছা বলতে পারে। আমরা আমাদের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছি। ম্যাচ শেষে বোঝা যাবে, কোন দল আসলে ভালো।’

স্পেনের বিপক্ষে সাম্প্রতিক স্মৃতিও খুব সুখকর নয় ফ্রান্সের। ২০২৪ ইউরো সেমিফাইনালের পর ২০২৫ উয়েফা নেশনস লিগেও স্প্যানিশদের কাছে হারতে হয়েছিল লে ব্লুদের। এবার সেই হিসাব চুকানোর সুযোগ পাচ্ছে দিদিয়ের দেশমের দল।

দলের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়াও আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি বলব না যে আমরা ভীত। আমরা নিজেদের শক্তি সম্পর্কে জানি। একই সঙ্গে এটাও জানি, স্পেন দারুণ একটি দল এবং তারা দুর্দান্ত ছন্দে আছে। তবে আমরা সবসময় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামি এবং এবারও তার ব্যতিক্রম হবে না।’

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *