
নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত হাতিয়া থানার চেয়ারম্যান ঘাট বাজার ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি, লক্ষ্মীপুর ও হাতিয়ার সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে চেয়ারম্যান ঘাট বাজার এলাকার চারটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩০৬ পিস চায়না দুয়ারী এবং ১৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পরে হাতিয়া উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জালগুলো বিনষ্ট করা হয়।
চায়না দুয়ারী ও কারেন্ট জাল মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য ক্ষতিকর হওয়ায় এগুলোর ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ। মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
