
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে। তাঁর নিয়োগের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দুই বছরে সংস্থাটির শীর্ষ এই পদে দায়িত্ব নেওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল সাতজনে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. মনিরুজ্জামানকে বদলিপূর্বক ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে ঢাকা ওয়াসার বর্তমান এমডি মো. আমিনুল ইসলামকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাঁর চুক্তির অবশিষ্ট মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সাবেক সচিব আমিনুল ইসলাম চলতি বছরের ১০ মার্চ এক বছরের চুক্তিতে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান এবং পরদিন দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ মাসেরও কম সময় দায়িত্ব পালনের পর তাঁকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হলো।
যেভাবে বদলেছে ঢাকা ওয়াসার এমডি
আওয়ামী লীগ সরকারের পতনের আগে প্রায় ১৫ বছর ঢাকা ওয়াসার এমডি ছিলেন তাকসিম এ খান। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি পদত্যাগ করেন। পরদিন ওয়াসার জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন এমডির দায়িত্ব নেন। তবে তাঁর দায়িত্ব গ্রহণ নিয়ে আদালতে মামলা হয়।
এরপর ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের তৎকালীন অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়।
২০২৫ সালের ১৮ মে তাঁর স্থলাভিষিক্ত হন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাঁর নিয়োগ নিয়েও সমালোচনা তৈরি হয়েছিল। পরে ওই বছরের ৩০ অক্টোবর তাঁকে স্থানীয় সরকার বিভাগ থেকে বদলি করা হয়।
এরপর ১১ নভেম্বর ২০২৫ ঢাকা ওয়াসার কর্মকর্তা মো. আবদুস সালাম ব্যাপারীকে তিন বছরের জন্য এমডি নিয়োগ দেওয়া হয়। তাঁর যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়েও সে সময় প্রশ্ন ওঠে। প্রায় চার মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের ৮ মার্চ তিনি পদত্যাগ করেন।
পরদিন, ৯ মার্চ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়। তবে একদিন পরই তাঁকে সরিয়ে মো. আমিনুল ইসলামকে এক বছরের চুক্তিতে এমডি নিয়োগ দেওয়া হয়।
দুই বছরে সাতজন
২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা ওয়াসার এমডি পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেছেন—
- এ কে এম সহিদ উদ্দিন
- মো. ফজলুর রহমান
- মো. শাহজাহান মিয়া
- মো. আবদুস সালাম ব্যাপারী
- মুহা. মনিরুজ্জামান
- মো. আমিনুল ইসলাম
- নতুন নিয়োগ পাওয়া মো. মনিরুজ্জামান
ফলে মাত্র দুই বছরের ব্যবধানে ঢাকা ওয়াসার মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে সাতজনের পরিবর্তন ঘটল। ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের কারণে সংস্থাটির প্রশাসনিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি কার্যক্রমে এর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
