নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিখোঁজ’

নিউইয়র্কে অনুষ্ঠিত প্রথম নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে নির্মাতা আসাদুজ্জামান সবুজের ‘নিখোঁজ (লস্ট)’। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকদের কাছে তুলে ধরার লক্ষ্যেই আয়োজন করা হয় উৎসবটি। এতে বাংলাদেশসহ বাংলা ভাষায় নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন বিভাগে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। প্রায় ১৩ মিনিটের ‘নিখোঁজ’ নির্মিত হয়েছে ‘নীলচে দিন’ শিরোনামের একটি ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে। মধ্যবিত্ত একটি পরিবারের জীবনে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। মানবিক সম্পর্ক, নীরবতা, অপরাধবোধ এবং অজানা সত্যের অনুসন্ধান—এসব বিষয় চলচ্চিত্রটির গল্পে গুরুত্ব পেয়েছে। শেষদিকে এসে গল্পের একটি রহস্য উন্মোচিত হয়। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন আসাদুজ্জামান সবুজ। প্রযোজনা করেছেন মো. জি. রাব্বানী। অভিনয়ে রয়েছেন শাহেদ আলী, ফারিহা শামস সেঁওতি, সাদিয়া আফরিন বিন্দু, রিপা রঞ্জনা ও অপু আহমেদসহ আরও অনেকে। এ ছাড়া চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন মো. আনিসুর রহমান এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন এনামুল হক সোহেল। আন্তর্জাতিক মঞ্চে বাংলা ভাষার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এমন স্বীকৃতি বাংলাদেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *