
সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। শনিবার সকালে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে পরপর তিন সন্তানের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন।
তানিয়া খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ সেখের মেয়ে। প্রসবের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিনিয়র নার্স মর্জিনা খাতুন জানান, স্বাভাবিক প্রসবের সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে স্বাভাবিকভাবেই পরপর তিনটি পুত্রসন্তানের জন্ম দেন তানিয়া।
বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে ভর্তি রয়েছেন। তাদের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছেন চিকিৎসক ও নার্সরা।
তানিয়ার স্বামী মো. ওবায়দুল্লাহ রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। এই দম্পতির আগে একটি কন্যাসন্তান রয়েছে। একসঙ্গে তিন পুত্রসন্তানের আগমনে পরিবারটিতে এখন বইছে আনন্দের আবহ।
হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আঞ্জুমানারা বকুল জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমেই তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
একসঙ্গে তিন সন্তানের জন্মের এই ঘটনায় পরিবারটির পাশাপাশি হাসপাতালজুড়েও তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
