বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে আলোচনা

আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার সরবরাহ ও বিদ্যুৎ সংকট—এই তিন বিষয়ই প্রাধান্য পেয়েছে বিএনপির সংসদীয় দলের সভায়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব বিষয়ে দলীয় সংসদ সদস্যদের বর্তমান পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সভাটি শুরু হয়ে সোয়া ১টার দিকে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের সংসদ সদস্যরাও এতে অংশ নেন।

সভাসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সার পরিস্থিতি নিয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত) সংসদ সদস্যদের ব্রিফ করেন।

এখনই বিদ্যুৎ সংকটের পুরো সমাধান সম্ভব নয়

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বর্তমান সংকটের বিস্তারিত তুলে ধরেন। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, আগের সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ অবকাঠামোর কারণে তাৎক্ষণিকভাবে সংকটের পুরোপুরি সমাধান করা সম্ভব নয়

তবে লোডশেডিংয়ের ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে

সার পরিস্থিতি নিয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সংসদ সদস্যদের জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সার সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

একই সঙ্গে সার নিয়ে কেউ যাতে কোনো ধরনের ‘স্যাবোটাজ’ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

সার বিতরণ স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে উপজেলাভিত্তিক কমিটি গঠনের কথা জানানো হয়। সভায় আরও বলা হয়, বিভিন্ন ইউনিয়নে কিছু সার ডিলার বর্তমানে অনুপস্থিত বা পলাতক রয়েছেন। এসব এলাকায় নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

‘মব কালচার’ নিয়ে সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দলীয় সংসদ সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের কোথাও কোথাও ‘মব কালচার’ বা সংঘবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

এ ধরনের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের কেউ জড়িয়ে পড়লে তা সরকারের জন্য রাজনৈতিকভাবে নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি। তাঁর মতে, এর সুযোগ নিয়ে বিরোধীরা সরকারের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

নির্যাতনের অভিযোগ থাকা পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন

সভায় কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতা-কর্মীসহ বিরোধী মতের মানুষকে নির্যাতনের সঙ্গে জড়িত অনেক পুলিশ কর্মকর্তা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

তাঁদের অভিযোগ, এসব কর্মকর্তার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ থাকা কর্মকর্তাদের সুনির্দিষ্ট নাম ও তথ্য দেওয়ার জন্য সংসদ সদস্যদের অনুরোধ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে তারেক রহমানের নির্দেশনা

সভায় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেন।

এ ছাড়া সরকারের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন প্রচার, অপপ্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা সভায় যে তথ্য ও ব্যাখ্যা দিয়েছেন, সংসদ সদস্যরা যেন তা নিজ নিজ এলাকার মানুষের কাছে পৌঁছে দেন। বিশেষ করে বিদ্যুৎ-জ্বালানি, সার ও গ্যাস সংকটের বিষয়ে জনগণকে সরকারের অবস্থান জানাতে তাঁদের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় নির্বাচন নিয়েও নির্দেশনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় সংসদ সদস্যদের ভূমিকা রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। দল-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা দূরত্ব তৈরি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়।

সব মিলিয়ে, বিএনপির সংসদীয় দলের এই সভায় একদিকে দেশের চলমান বিদ্যুৎ ও সার সংকট, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব কালচার নিয়ে দলীয় সংসদ সদস্যদের উদ্বেগ ও প্রশ্ন উঠে আসে। সংশ্লিষ্ট মন্ত্রীরা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী দলীয় এমপিদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *