চরফ্যাশনে চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চরফ্যাশন প্রতিনিধি:মাইনউদ্দিন জমাদার

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চরফ্যাশন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোতাছিন বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ছৈয়াল, গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন গোলদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও শিক্ষক, সাংবাদিক ও অভিভাবক প্রতিনিধিরা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মীর শাহাদাত হোসেন ছায়েদ বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতে পরীক্ষায় কোনো ধরনের নকলকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *