ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০১:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে অভিযানটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
অভিযানে সড়ক ও ফুটপাতে জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা রয়েছে কি না, তা পরীক্ষা করা হয়।
পরিদর্শনকালে মো. খয়বর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সমান গুরুত্ব দিতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুই শিফটে—ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত—নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। তিনি বলেন, প্রাক-বর্ষা মৌসুমের জরিপে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।












