ভোলায় মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যের স্বামীসহ গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৮:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ভোলায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে ভোলা সদর হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হলে দুজনের শরীরেই অ্যামফিটামিনের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় জেলা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের মৃত হানিফের ছেলে এফজাল হোসেন সোহেল (৪১) এবং কাচিয়া ইউনিয়নের শাহামাদার গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে সাদ্দাম (২০)। তাদের মধ্যে সোহেল পশ্চিম ইলিশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনে আরা বেগমের স্বামী।
পুলিশ জানায়, বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এফজাল হোসেন সোহেল ও সাদ্দামকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষার প্রতিবেদনে দুজনের ক্ষেত্রেই ‘Amphetamine Detected’ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, এফজাল হোসেন সোহেলের মাদক সেবনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় কয়েকজন তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি: জিসান রনি













