
শুটিং শেষ করে রাতে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। ভৈরবের টোল প্লাজার কাছে একটি পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে বহনকারী গাড়িটি। তবে সৌভাগ্যক্রমে তিশাসহ গাড়িতে থাকা সবাই নিরাপদে আছেন।
শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজেই দুর্ঘটনার বিষয়টি জানান অভিনেত্রী।
তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। ভৈরব সেতু পার হয়ে টোল প্লাজার কাছাকাছি পৌঁছানোর সময় একটি পিকআপ তাদের গাড়িতে জোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
দুর্ঘটনার পর পিকআপটিকে অনুসরণ করে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশও পৌঁছায় বলে জানান তিশা।
দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে অভিনেত্রী বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল এবং অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় তাসনুভা তিশা কিংবা গাড়িতে থাকা অন্য কারও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও সংঘর্ষে তাদের গাড়িটির বেশ কিছুটা ক্ষতি হয়েছে।
শুটিং শেষে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। খবরটি ছড়িয়ে পড়ার পর তিশার ভক্ত-অনুরাগীদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। পরে সবাই নিরাপদে আছেন জানতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা।
