
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন করে ২ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে এসব কর্মী পাঠানোর প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন মালয়েশিয়ার হাইকমিশনার।
দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। এর পাশাপাশি মালয়েশিয়া আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বিনা খরচে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
