তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সড়কের বেহাল দশা, দুর্ভোগে শত শত মানুষ
- আপডেট সময় : ০৬:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
জিসাম রনি
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার ২নং সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চৌধুরী বাড়ির সামনে থেকে বেড়িবাঁধ পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। এতে প্রতিদিন শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই এই সড়কের উন্নয়নকাজের জন্য টেন্ডার পাস হওয়ার কথা শোনা গেলেও বাস্তবে কোনো বছরই সড়কটির কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। এমনকি সড়কের মাপজোকসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হলেও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায় এবং অনেক সময় হাঁটুসমান পানিতে তলিয়ে থাকে সড়কটি। ফলে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। বর্ষাকালে জলাবদ্ধতা ও কাদার কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে টেন্ডার ও মাপজোকের কথা থাকলেও সড়কটির কাজ বাস্তবায়ন না হওয়ায় তারা বারবার দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত সড়কটির সংস্কার ও উন্নয়নকাজ শুরু করে স্থায়ীভাবে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রশ্ন—প্রতি বছর টেন্ডার ও মাপজোকের পরও কেন বাস্তবে সড়কের কাজ হচ্ছে না? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী।













