
ইরান যুদ্ধ শুরু করতে চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ কখনো যুদ্ধ শুরু করে না এবং যুদ্ধকেও স্বাগত জানায় না। তবে দেশের ওপর কোনো ধরনের আগ্রাসন হলে তা প্রতিহত করতে ইরান দৃঢ়ভাবে অবস্থান নেবে।
পেজেশকিয়ান বলেন, দৃঢ় সংকল্প ও ঐক্য নিয়ে দাঁড়িয়ে থাকা কোনো জাতিকে সহজে আত্মসমর্পণে বাধ্য করা যায় না। ইরানও কোনো ধরনের হুমকির কাছে নত হবে না বলে তিনি স্পষ্ট করেন।
কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি দেশের অবস্থান শক্তিশালী করতে জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাঁর মতে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, মিডল ইস্ট আই
