বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও র‍্যালি ভোলা প্রতিনিধি: মোঃ জিহাদ


বর্ণাঢ্য আয়োজনে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভোলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ড থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন বহন করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালীনাথ রায়ের বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের সামনে র‍্যালি-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ্ব মো. রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরন, হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তরিকুল ইসলাম কায়েদ, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। ভবিষ্যতেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি রাজপথে থাকবে।
সমাবেশ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিভিন্ন প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে ভোর ৬টায় জেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *