তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ, শাড়ি ফেরত না দেওয়া ও হুমকির অভিযোগের সত্যতা তদন্তে পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফ্যাশন ডিজাইনার আয়েশা আনুমের করা মামলাটি তদন্ত শেষে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলো প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে। তবে পিবিআইয়ের এই প্রতিবেদনে সন্তুষ্ট নন মামলার বাদী আয়েশা আনুম। তাঁর দাবি, তদন্তের সময় তিনি হুমকির অডিও রেকর্ডিং, সাক্ষীসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে জমা দিয়েছিলেন। কিন্তু সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। আয়েশা আনুম বলেন, আদালতের নির্দেশে পিবিআই মামলাটি তদন্ত করেছে এবং তিনি তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় প্রমাণ ও সাক্ষীদের তথ্য দিয়েছেন। এরপরও কোনো কারণ স্পষ্ট না করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন। এ কারণে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন আয়েশা আনুম। তাঁর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পিবিআইকে দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে তদন্ত প্রতিবেদন নিয়ে শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিনই পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হবে। ফলে আগামী শুনানিতে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন কি না কিংবা বাদীপক্ষের নারাজি আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত দেন, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *