ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি : জিসান রনি
ভোলা সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান। পাশাপাশি কলেজের নিয়মকানুন, শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার নতুন শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রপ্রতিনিধি এবং সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।












