
মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় উঠে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। এবার টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করে লিগের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন এই তরুণ প্রতিভা।
বাংলাদেশ সময় আজ ভোরে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন কাভান।
১৬ বছর ৩৩৬ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল অথবা গোলে সহায়তার মাধ্যমে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন তিনি।
রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে নিজের ব্যক্তিগত দক্ষতার প্রমাণ দেন কাভান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে এটি ছিল তাঁর তৃতীয় গোল, যা এসেছে ৩৪তম ম্যাচে।
শুধু গোল নয়, টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রাখার ধারাবাহিকতাও কাভানকে আলাদা করে তুলেছে। এমএলএসের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে টানা চার ম্যাচে এমন সরাসরি অবদান রাখার নজির আগে ছিল মাত্র তিনজনের।
কাভানের পেশাদার ফুটবলে অভিষেক হয় ২০২৪ সালে, মাত্র ১৪ বছর বয়সে। অভিষেকের পর থেকেই তাঁর প্রতিভা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা চলছে। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে তাঁর পারফরম্যান্সও এখন রেকর্ডে রূপ নিচ্ছে।
অন্যদিকে কাভানের রেকর্ড গড়ার এই ম্যাচটি নিউইয়র্ক রেড বুলসের জন্য ছিল হতাশার। ফিলাডেলফিয়া ইউনিয়নের কাছে ৩-১ গোলে হেরে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারাও শেষ হয়েছে দলটির।
